জাতীয়
ছবি: সংগৃহীত

সেপটিক ট্যাংক ছাড়া ঢাকায় নতুন ভবনের অনুমতি নয়: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে সেপটিক ট্যাংক বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, যেসব নতুন ভবনে সেপটিক ট্যাংকের ব্যবস্থা থাকবে না, সেগুলোর নির্মাণ অনুমোদন দেওয়া হবে না।

রোববার (১৭ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পুরনো ভবনগুলোকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে। এজন্য বিদ্যমান বাড়িগুলোতে আগামী ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর গুলশান ও বনানীসহ বিভিন্ন লেকের পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি আরও জানান, লেকগুলোর সঙ্গে যুক্ত স্যুয়ারেজ লাইন বন্ধ করা এবং বিভিন্ন লেকের সংযোগ সমন্বয়ের কাজ করা হবে। আগামী ছয় মাসের মধ্যেই এসব উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আসন্ন ডেঙ্গু মৌসুম সামনে রেখে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক সচেতনতামূলক কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

মতামত দিন