সাত কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি, ১৯ মে থেকে আন্দোলনের হুঁশিয়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের প্রস্তাবের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি পেশ করেছেন। একইসঙ্গে আগামী রোববার (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে ১৯ মে থেকে মাঠে নামবেন তারা।
শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি নেওয়ার কথা জানান।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের আন্দোলনের ফলেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রশাসনের গঠনসংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
১. আগামী ১৮ মে, রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।
২. প্রশাসক নিয়োগ চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ফলাফল বিপর্যয়ের সমাধান, অতিরিক্ত ফি আদায় বন্ধসহ সব ধরনের শিক্ষাগত অসঙ্গতি নিরসনের পদক্ষেপ নিতে হবে।
৩. প্রশাসন গঠনের ২ কার্যদিবসের মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে।
৪. আগামী ৫ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে।
৫. আগামী এক মাসের মধ্যে (১৬ জুনের মধ্যে) নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে এবং ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।
ছাত্র প্রতিনিধিরা বলেন, “আমাদের আন্দোলন প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা করে হবে। জনদুর্ভোগ নয়, বরং নীতিনির্ধারকদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হবে।”
সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র প্রশাসন ও অবকাঠামোসহ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
মতামত দিন