রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, সেনাবাহিনীর নির্দেশনা জারি।
রাজধানীর বিজয় সরণি ও প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ আগামীকাল রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনার কথা জানায়।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এসব এলাকায় রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে।
মতামত দিন