গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ।
গাজীপুরের কোনাবাড়ীর নাওজোড় এলাকার একটি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। শনিবার (১৭ মে) সকালে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, প্রতিদিনকার মতো সকাল ৮টার দিকে কাজে যোগ দেওয়ার পর অনেকেই ট্যাপ থেকে পানি পান করেন।কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন মাথা ঘোরা,বমি ভাব ও পেটব্যথার মতো উপসর্গে ভোগেন। পরে পর্যায়ক্রমে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন।
সহকর্মীরা জানান, প্রথমে কয়েকজন অসুস্থ হলেও দ্রুত সংখ্যাটা বাড়তে থাকে। তখন তাদের নিজ উদ্যোগে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজুল হক জেনারেল হাসপাতাল ও আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজুল হক জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন,“আসা রোগীদের মধ্যে মাথা ঘোরানো, বমি ও পেটব্যথা ছিল প্রধান লক্ষণ। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি, অধিকাংশই এখন সুস্থ।”
কারখানায় কীভাবে এমন ঘটনা ঘটল—তা তদন্ত করে দেখার দাবি জানাচ্ছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষও কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

মতামত দিন