ইশরাককে শপথ না দেওয়ার প্রতিবাদে লংমার্চ,পুলিশের বাধায় থেমে গেল মিছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় ক্ষোভ জানিয়ে সচিবালয়ের দিকে লংমার্চের কর্মসূচি নেয় বিএনপি। তবে পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিলটি, আর গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি দলটির নেতাকর্মীদের।
শনিবার (১৭ মে) সকাল ১০টার পর থেকে গুলিস্তানের নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে,বঙ্গবাজার থেকে গুলিস্তানমুখী সড়ক অবরোধ করে তারা।
সচিবালয় অভিমুখে মিছিলটি অগ্রসর হলে জিরো পয়েন্টের কাছে পুলিশি বাধার মুখে পড়ে। পরে বাধা পেয়ে মিছিলকারীরা নগর ভবনের সামনেই অবস্থান নেয়।
বিক্ষোভ থেকে ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট প্রকাশ সত্ত্বেও ইশরাককে দায়িত্ব গ্রহণ করতে না দিয়ে সরকার আদালত অবমাননা করছে এবং জনগণের ভোটের প্রতি অবজ্ঞা দেখাচ্ছে।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শপথ কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেটও প্রকাশিত হয়।তবু এখনো তাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি।
মতামত দিন