জাতীয়
ছবি: সংগৃহীত

মাইক্রোক্রেডিটকে এগিয়ে নিতে আলাদা ব্যাংক ও আইন প্রস্তাব ড. ইউনূসের।

মাইক্রো ক্রেডিট কার্যক্রম আরও কার্যকর ও সামাজিকভাবে গ্রহণযোগ্য করতে একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে, একটি নতুন ব্যাংক গঠন করতে হবে।

এটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নিজেরাই এগিয়ে নিয়ে যেতে পারে।”

তিনি বলেন, প্রস্তাবিত ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। “মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, এখন সময় এসেছে এটি নিয়ে নতুনভাবে চিন্তা করার,” বলেন ড. ইউনূস।

তিনি আরও বলেন, “বর্তমানে মাইক্রো ক্রেডিট ব্যাংকগুলো কেবল সদস্যদের কাছ থেকে সঞ্চয় নিতে পারে, বাইরের কাউকে আমানত নেওয়ার অনুমতি নেই। এটি একটি বড় সীমাবদ্ধতা। এর জন্য নতুন আইন প্রণয়ন দরকার।”

তার মতে, নতুন আইন অনুযায়ী, এই ধরনের ব্যাংকের কার্যপরিধি স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং এটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আইনি স্বীকৃতি পাবে, যেখান থেকে কোনো ব্যক্তি মুনাফা করতে পারবে না। তিনি আরও জানান, “এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক প্রয়োজনীয় অবকাঠামো ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারে। তখন মানুষ আর চাকরির জন্য দৌড়াবে না, বরং উদ্যোক্তা হয়ে উঠবে।”

এর আগে, সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা এমআরএর নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

মতামত দিন