আগারগাঁওয়ে এমআরএ অথরিটির নতুন ভবনের উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় এ ভবনের উদ্বোধন করা হয়।
সূত্র জানায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এমআরএর এই বহুতল ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রকল্প অনুযায়ী, ২৬ জুন ২০২৩ সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। ভবনটি ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত একটি আধুনিক অফিস কমপ্লেক্স। এতে মূল ভবনের পাশাপাশি বাউন্ডারি ওয়াল, গেট, গার্ডরুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল এবং ডিপ টিউবওয়েলসহ অন্যান্য সহায়ক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
এর আগে, গত বুধবার (১৪ মে) চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত রেল ও সড়ক সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

মতামত দিন