জাতীয়
ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপ: আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ মে) ডিবি কার্যালয়ে ইশতিয়াক ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা নিজেই।

পরে আন্দোলন শেষে তাকে নিজ বাসায় আমন্ত্রণ জানান তিনি।

এর আগে,বৃহস্পতিবার (১৫ মে) রাতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইশতিয়াককে রাজধানী থেকে আটক করে ডিবি। পুলিশ জানায়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জিজ্ঞাসাবাদের সময় ছাত্রদের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে। শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে হুঁশিয়ারি দেন—“আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে।”

বিক্ষোভকারীদের অবস্থান ও হুঁশিয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরিফিন বলেন, “আমাদের ছোট ভাই ইশতিয়াককে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি, তার কোনো ক্ষতি হলে ডিবি অফিস ঘেরাও হবে।”
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, “একটি বোতলের বিপরীতে যদি রাষ্ট্র টিয়ারশেল, গুলি বা রক্তপাত ঘটায়, তাহলে সেটি সম্পূর্ণ অন্যায়। কোনো ক্ষতি করা হলে আমরা চূড়ান্ত প্রতিবাদ করব।”

প্রেক্ষাপট
১৪ মে থেকে চার দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ১৫ মে রাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তিনি কথা বলার সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারা হয়, যা গিয়ে তার মাথায় লাগে।

ঘটনার পর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি জানায়, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে যেন যথাযথ তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া না হয়।

মতামত দিন