জাতীয়
ছবি: সংগৃহীত

৭৫০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ বিএসএফ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।

বৃহস্পতিবার (১৫মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিঙ্গারবিল সীমান্তে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ।

স্থানীয় সূত্র জানায়, পুশইনের আশঙ্কায় বিজিবির টহল জোরদার করা হয়েছিল আগেই। ঘটনার রাতে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী গ্রামের মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদের মাইকিং ও সামাজিক মাধ্যমে আহ্বানের পর সীমান্তে জড়ো হন। কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক মানুষ বিজিবির সঙ্গে অবস্থান নিলে বিএসএফ বাধা পেয়ে পিছু হটে। সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। স্থানীয় জনগণের সম্পৃক্ততায় একটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।”

এদিকে বিজিবির তথ্যমতে, চলতি মে মাসের ৪ থেকে ১৫ তারিখ পর্যন্ত দেশের পাঁচটি জেলার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে অন্তত ৩১৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এর মধ্যে ৪ মে মেহেরপুরে ১০ জন, ৭ মে খাগড়াছড়িতে ৬৬ জন ও সাতক্ষীরায় ৭৮ জন, মৌলভীবাজার সীমান্তে ১৪৮ জন এবং ১৪ মে সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়।

মতামত দিন