ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশইন আতঙ্ক, টহল জোরদার বিজিবির।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় অতিরিক্ত টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের সতর্ক করতে মসজিদে মাইকিংও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় এই সতর্কতা জারি করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পাশে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিক জড়ো হয়েছেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র উচ্চপর্যায় থেকে নির্দেশনা আসে। এরপর রাতভর সীমান্তে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি টহল জোরদার করা হয়।
এ অবস্থায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একটি ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বাড়ে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি,তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

মতামত দিন