জবির চার দফা দাবিতে কাকরাইল মোড়ে সমাবেশ,যোগ দিলেন শিক্ষক-প্রাক্তন শিক্ষার্থীরাও।
চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়েছে। শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং সমর্থকরা কাকরাইল মোড়ে যমুনা ভবনের সামনে সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের "রক্তের সরকার"। একজন শিক্ষার্থী বলেন, “আমাদের আন্দোলনে রেখে আপনারা এসিতে বসে থাকবেন না। আমরা রাজপথে নেমেছি, আপনাদেরও জেগে উঠতে হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,“আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই— ঘুম থেকে উঠুন। জবির শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আপনার দুয়ারে এসেছে। আপনার কাছ থেকে আমরা পরিষ্কার বার্তা চাই।”
জানা গেছে, আন্দোলন আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০টি বাসে করে শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে আনা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন।
এর আগে গত ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন জবি শিক্ষার্থীরা।
চলমান আন্দোলনের চার দফা দাবি:
১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।
২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট না করে অনুমোদন।
৩. দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন।
৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
মতামত দিন