জাতীয়
ছবি: সংগৃহীত

ডিএনসিসির অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের সহায়তা দিলেন আমিনুল হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে রিকশা হারানো পাঁচ চালককে প্যাডেলচালিত রিকশা ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় আয়োজিত বিএনপির ‘মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে’ এসব সহায়তা দেওয়া হয়।

গত মঙ্গলবার ধানমন্ডি থেকে আসাদগেট পর্যন্ত প্রধান সড়কে ডিএনসিসির অভিযানে ১৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়, যার ১৬টি ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়। পরে সেগুলো আমিনবাজার কাঁচাবাজার এলাকায় ডাম্পিং করা হয়।

আমিনুল হক বলেন, ‘ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছি। তাদের জন্য প্যাডেলচালিত রিকশা কিনে দিয়েছি। নগদ সহায়তাও দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণ—তাই তাদের নিরাপদ বিকল্প দেওয়া হয়েছে।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজ নিজ এলাকায় এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, মহিলা দলের সদস্যসচিব রুনা লায়লা, পল্লবী ও রূপনগর থানা বিএনপির নেতারা।

মতামত দিন