জাতীয়
ছবি: সংগৃহীত

বিদেশে ভোটার হতে প্রবাসীদের জমা দিতে হবে চার বাধ্যতামূলক তথ্য।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য চারটি তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে পূরণ করা আবেদনপত্র (ফরম-২(ক)), মেয়াদসংবলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া আবশ্যক।

ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, এসব নির্দেশনা ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক তথ্য ছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত কিছু দলিল জমা দিতে হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:

  • চট্টগ্রাম অঞ্চলের নির্ধারিত ৫৬টি উপজেলা/থানার নাগরিকদের জন্য বিশেষ তথ্য ফরম

  • শিক্ষা সনদ (এসএসসি/সমমান বা তার নিচের স্তর)

  • পিতা-মাতার এনআইডি বা মৃত্যু সনদ

  • ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (যদি থাকে)

  • দ্বৈত নাগরিকত্ব সনদ (নির্দিষ্ট দেশের ক্ষেত্রে)

  • নিকাহনামা ও স্বামী-স্ত্রীর এনআইডি (যদি প্রযোজ্য হয়)

  • নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রদত্ত)

  • ভোটার এলাকার ইউটিলিটি বিল অথবা বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র (ভাড়াটিয়া হলে)

বাধ্যতামূলক নয় এমন তথ্য নিবন্ধন কেন্দ্রে সরাসরি জমা না দিলে, দেশে থাকা আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ায় দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে ইসি। এসব দেশে ইতোমধ্যে প্রায় অর্ধ লাখ আবেদন জমা পড়েছে। ভবিষ্যতে আরও ৪০টি দেশে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন