ইউক্যালিপটাস ও আকাশমনি চারা রোপণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা।
আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।
এর পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বনায়ন গড়ে তোলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে, ২০০৮ সালে ইউক্যালিপটাসের চারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেয় সরকার, যা পরবর্তীতে বন অধিদপ্তরের নীতিতেও প্রতিফলিত হয়।
বিশেষজ্ঞদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনির মতো বিদেশি প্রজাতির গাছ মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে আর্দ্রতা হ্রাস করে এবং পাতায় থাকা টক্সিন মাটিকে বিষাক্ত করে তোলে। ফলে এসব গাছ মাটির উর্বরতা ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত।
মতামত দিন