সুপ্রিম কোর্ট চত্বরসহ ৯ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি।
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকা ও সংশ্লিষ্ট ৯টি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, বিক্ষোভ ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো—প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।
ডিএমপি জানায়, এসব এলাকায় কোনো ধরনের সভা,সমাবেশ,মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ আয়োজন করা যাবে না।এছাড়া জনদাবি আদায়ের কর্মসূচির নামে যত্রতত্র সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ১০ মে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং তার আশপাশের এলাকাতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি। সাম্প্রতিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির প্রেক্ষাপটে রাজধানীতে জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন