জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু।
জামালপুরের মেলান্দহ উপজেলার নাথপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগে অজুফা (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভোর ৪টার দিকে মেলান্দহ বাজার সংলগ্ন সুইপার কলোনির এই ঘটনা ঘটে।
নিহত অজুফা ওই এলাকার হেবা মন্ডলের স্ত্রী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন অজুফা। ভোররাতে তার ঘরে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ঘরের ভেতর থেকে অজুফার মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার জানান, আগুনের সূত্রপাত সম্ভবত কুপি বাতি থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আগুনে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন