জাতীয়
ছবি: সংগৃহীত

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ সাবেক বিডিআর সদস্য।

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন আসামি। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের তিনটি ইউনিট থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

এ সময় কারা ফটকে তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া ৪০ জন আসামির জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর পার্ট-১ থেকে ৫ জন, পার্ট-২ থেকে ১০ জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে ১১ জন বৃহস্পতিবার মুক্তি পান। এর আগের দিন আরও একজন কারাগার থেকে ছাড়া পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, বুধবার বিকেলে জামিনপ্রাপ্তদের কাগজপত্র হাতে পাওয়ার পর যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে, বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক মামলায় জামিন পেয়েছিলেন। নতুন করে ৪০ জনের জামিনসহ এই মামলায় এখন পর্যন্ত মোট ২১৮ জন জামিনে মুক্তি পেলেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। হত্যাকাণ্ডের মামলায় বিচারিক আদালত রায় ঘোষণা করেছে, যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। অপরদিকে বিস্ফোরক আইনের মামলার বিচার এখনো চলমান, যেখানে ১,৩৪৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন