জাতীয়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে সীমান্ত টহলে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্ত টহলের সময় বজ্রপাতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৪ মে) রাত ১টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিপাহি রিয়াদ হোসেন (৩২) জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দাঁতভাঙ্গা বিওপিতে  কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন—হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮),সিপাহি শাহীন (২৮),এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে কুড়িগ্রামে বজ্রঝড় শুরু হয়। রাত ১টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এলাকায় টহলরত অবস্থায় বিজিবির একটি দল বজ্রপাতের কবলে পড়ে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন পাঁচজন।পরে তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিপাহি রিয়াদকে মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নবিউল ইসলাম জানান, গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজন রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য মারা গেছেন, বাকিরা চিকিৎসাধীন।

মতামত দিন