১৬ মে থেকে শুরু দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি, সহনীয় থাকবে এসি ভাড়া।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৬ মে,শুক্রবার থেকে।ঈদের আগে ২৯ মে পর্যন্ত যাত্রার জন্য এসব টিকিট অনলাইন ও কাউন্টার—দু'ভাবেই পাওয়া যাবে।
বুধবার (১৪ মে) বাস-ট্রাক মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “১৬ মে থেকে যাত্রীরা যেকোনো পরিবহনের বাসের টিকিট আগাম সংগ্রহ করতে পারবেন। অনেক কোম্পানি এবার শুধুমাত্র অনলাইনে টিকিট দেবে। তবে বেশিরভাগই অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই টিকিট বিক্রি করবে।”
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করে তিনি জানান, “বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। ইতোমধ্যে মালিকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে শুভঙ্কর ঘোষ বলেন, “সরকার এসি বাসের নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে না। ফলে পরিবহন মালিকরা নিজেদের গাড়ির মান বিবেচনায় ভাড়া ঠিক করেন। তবে এবার মালিকেরা একমত হয়েছেন— এসি বাসের ভাড়া যেন যাত্রীদের নাগালের মধ্যে থাকে।”
উল্লেখ্য, ঈদ যাত্রার সময়ে প্রতিবছরই দূরপাল্লার বাস টিকিটের চাহিদা বেড়ে যায়। টিকিট সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠে। তবে এবার পরিবহন মালিকেরা আগেভাগে প্রস্তুতি নেওয়ায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন