শাহরিয়ার সাম্য হত্যায় প্রশাসন কর্তৃক সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কঠোর সিদ্ধান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যার পর প্রশাসন নড়েচড়ে বসেছে।ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের গেইট স্থায়ীভাবে বন্ধ রাখা হবে এবং আগামীকাল থেকে উদ্যানে তল্লাশি অভিযান শুরু হবে। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে শিগগিরই একটি তদারকি কমিটি গঠন করা হবে।উদ্যানে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলো স্থাপন, এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে পুলিশ বক্স স্থাপন করা হবে।
গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। জানা গেছে, মোটরসাইকেল ধাক্কা দেওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। বুধবার সকালে রাজু ভাস্কর্যে শোকসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপাচার্যের পদত্যাগের দাবিও জানানো হয়।
এদিকে, ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত, এবং ঢাবি প্রশাসন আগামীকাল শোক দিবস ঘোষণা করেছে।

মতামত দিন