জাতীয়
ছবি: সংগৃহীত

হুমকি-চাপের মুখে দেশ ছাড়লেন নবীন পাঞ্জাবি’র পরিচালক এনামুল হাসান নবীন।

নিজেস্ব প্রতিবেদক:

বিভিন্ন দিক থেকে আসা চাপ ও হুমকির অভিযোগ তুলে অবশেষে দেশ ছেড়েছেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন, যিনি নবীন হাশেমি নামেও পরিচিত। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে চলে যান তিনি।

বিদেশ যাওয়ার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। বিমানবন্দরে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, বাঁচতে চান মাথা উঁচু করে, কিন্তু পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে চান না—এই কারণেই আপাতত দেশ ছাড়ার সিদ্ধান্ত।

এর আগে বিকেলে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার ভাষ্য অনুযায়ী, দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

নবীন হাশেমির দাবি, কয়েকদিন ধরেই অজ্ঞাত নম্বর থেকে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। তার কাছে থাকা কিছু ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়, না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে তাদের একটি শোরুম বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান, প্রবাস থেকে ফিরে করোনার সময় দেশে ব্যবসা শুরু করেন। লক্ষ্য ছিল সাধারণ মানুষের নাগালে কম দামে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই তুলনামূলক কম দামে পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতেন তারা।

তার প্রতিষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণির মানুষ কাজ করতেন—যার মধ্যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও রয়েছেন। এ কারণে অনেক সরবরাহকারীও কম দামে পণ্য দিতেন, ফলে কম দামে বিক্রি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তার অভিযোগ, পাশের একটি ব্যবসায়ী গোষ্ঠী বাজারে নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রি বন্ধ করতে চাপ দেয়। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দোকান বন্ধ করে দেওয়া এবং ক্রেতাদের হয়রানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে উল্টো নানা বাধা ও ভীতির মুখে পড়তে হয়েছে, কিন্তু এ ক্ষেত্রে কোনো সহায়তা পাননি।

মতামত দিন