শোলাকিয়ায় ঈদের জামাত ঘিরে নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুরো এলাকা নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, ঈদগাহ মাঠ এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে জামাতে অংশ নিতে পারেন।
মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে এবং কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা মাঠে সক্রিয় দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন