জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে ঈদযাত্রার চাপ, দুই দিনে পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৯ কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় যানবাহনের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টানা ছুটির সুযোগে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব মিলিয়ে দুই দিনে ৮০ হাজারের বেশি যানবাহন সেতু পার হয়েছে। এসব যানবাহন থেকে প্রায় ৯ কোটি টাকার টোল আদায় হয়েছে।

সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের প্রবাহ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি মিনিটে গড়ে ৪৫-৫০টি যানবাহন সেতুতে উঠছে, যা ঈদযাত্রার চাপের স্পষ্ট ইঙ্গিত।

বৃহস্পতিবার সকালেও যান চলাচল বেড়েছে, তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। সিসিটিভি নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে মুন্সিগঞ্জ জেলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

পুলিশ বলছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রীদের হয়রানি ঠেকাতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন