জাতীয়
ছবি: সংগৃহীত

আইজিপির বাড়িতে চুরির যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন: পুলিশ সুপার।

নিজেস্ব প্রতিবেদক:

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাসভবনে চুরির যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আইজিপির বাড়িতে চুরির কথা বলা হলেও বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।

যাচাই না করেই কিছু মাধ্যমে এ তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পেছনে ছিল ভিন্ন বাস্তবতা। গত ১৬ মার্চ রাতে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের দেয়ালঘেঁষা সার্ভিস লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ওই তার নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন পুলিশ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।

একই ধরনের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তরও। তাদের মতে, এটি কোনো পরিকল্পিত চুরির ঘটনা নয়; বরং পড়ে থাকা তার সরিয়ে নেওয়ার ঘটনা, যা ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাড়িতে বৈদ্যুতিক তার চুরির খবর প্রকাশ পেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মতামত দিন