শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের কারণে আড়ংকে আইনি নোটিশ।
ক্রেতাদের কাছ থেকে কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার কারণে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশটি বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে।
আইনজীবী অভি উল্লেখ করেছেন, “২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং ক্রেতাদের বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে, যা দেশের আইন অনুযায়ী বেআইনি। গত কয়েক মাস ধরে বিভিন্ন শো-রুমে ক্রেতাদের পণ্য বহনের জন্য টাকা দিতে হচ্ছে, ফলে অনেকে হাতে করে কাপড় বহন করছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম ক্রেতাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। অন্য প্রতিষ্ঠানও একই পথ অনুসরণ করতে পারে। তাই অবিলম্বে আড়ংকে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করতে হবে।”
নোটিশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে সকল ক্রেতাকে বিনামূল্যে শপিং ব্যাগ প্রদানের নিশ্চয়তাও দিতে বলা হয়েছে।

মতামত দিন