জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যারা ঈদে বাড়ি ছাড়বেন এবং বাসায় মূল্যবান জিনিসপত্র রেখে যাচ্ছেন, তাদের জন্য থানায় গুরুত্বপূর্ণ সামগ্রী রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রোববার সকালেই মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্বে থাকবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে মোবাইল কোর্ট পরিচালিত হবে, যেখানে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে। মো. সরওয়ার আরও জানিয়েছেন, বাসা ছাড়া যাত্রীরা চাইলে তাদের স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী থানায় নিরাপদে রাখতে পারবেন।

তিনি নাগরিকদের নিরাপত্তা বিষয়ক কিছু নির্দেশনা দিয়েছেন—বাসার দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা, সিসি ক্যামেরা সচল রাখা, আশপাশে পর্যাপ্ত আলো নিশ্চিত করা এবং সন্দেহজনক ব্যক্তির গতিবিধি পুলিশকে জানানো। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ না করার পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান জিনিস নিজ হেফাজতে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, ঈদের তিনদিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকার প্রবেশ ও বহির্গমন সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, যাতে যাত্রী ও সাধারণ নাগরিক নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

মতামত দিন