ঈদের আগে জ্বালানি বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে দিল সরকার।
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব ফিলিং স্টেশন ও বিতরণকেন্দ্রে পেট্রোল, অকটেন ও ডিজেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) থেকে জনগণ চাহিদা অনুযায়ী জ্বালানি তেল কিনতে পারবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সচিবালয়ে ব্রিফিংয়ে জানিয়েছেন, ঈদযাত্রা, বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজন এবং নতুন আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানো—এই তিনটি কারণে রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় স্বস্তিদায়ক। ফলে জনগণের যাতায়াত নির্বিঘ্ন এবং কৃষিখাতে জ্বালানি পৌঁছানো নিশ্চিত করতে রেশনিং তুলে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, নতুন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফিলিং স্টেশন ও বিতরণকেন্দ্রে স্বাভাবিক বিক্রি চালু থাকবে।
জ্বালানির দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আপাতত দাম অপরিবর্তিত রাখা হবে। যতদিন অর্থনীতি সেই চাপ বহন করতে পারবে, ততদিন মূল্যস্ফীতি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই।
এর আগে শনিবারই সরকার রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। জ্বালানি বিভাগের কর্মকর্তারাও রোববার থেকে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
মতামত দিন