জাতীয়
ছবি: সংগৃহীত

ইরান সংঘাতে প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলারের বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সামরিক সংঘাতে অল্প সময়েই বিপুল অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের একটি প্রাথমিক হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই দেশটির খরচ দাঁড়িয়েছে প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ব্রিফিংয়ে প্রশাসনের কর্মকর্তারা এই ব্যয়ের হিসাব তুলে ধরেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বুধবার এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

এর আগে মঙ্গলবার সিনেট সদস্যদের নিয়ে অনুষ্ঠিত একটি বন্ধ বৈঠকেও যুদ্ধের প্রাথমিক ব্যয়ের চিত্র উপস্থাপন করা হয়। তবে কর্মকর্তারা স্পষ্ট করে বলেন, এটি পুরো সংঘাতের মোট ব্যয় নয়; বরং যুদ্ধের শুরুতে কত অর্থ ব্যয় হয়েছে তার একটি প্রাথমিক ধারণা মাত্র। সংঘাতের বিস্তারিত ব্যয় সম্পর্কে জানতে আইনপ্রণেতাদের বাড়তে থাকা চাপের মুখেই এই হিসাব দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সামরিক অভিযানের প্রথম দুই দিনেই প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

তবে এই যুদ্ধ কতদিন চলতে পারে বা শেষ পর্যন্ত মোট ব্যয় কত দাঁড়াবে—সে বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো নির্দিষ্ট ধারণা দেয়নি যুক্তরাষ্ট্রের প্রশাসন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। নিহতদের বড় অংশই ইরান ও লেবাননের নাগরিক। সংঘাত বিস্তৃত হওয়ায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজার ও পরিবহন ব্যবস্থাতেও অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে কংগ্রেসের কয়েকজন সদস্য সতর্ক করে বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভাণ্ডারের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এমন সময়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যখন দেশটির প্রতিরক্ষা শিল্প আগে থেকেই বাড়তি চাহিদা মেটাতে সমস্যায় পড়েছিল।

সূত্র: রয়টার্স

মতামত দিন