জাতীয়
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরের তারাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় ৭টার দিকে উপজেলার হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী (৩৫)। তিনি মৃত রহিদুল ইসলামের ছেলে। অপর নিহত চালকের নাম আরিফ (৪৯), তার বাড়ি পটুয়াখালী জেলায়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে সৈয়দপুরের দিকে যাচ্ছিল একটি সারবোঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে রংপুরমুখী একটি পাথরবাহী ট্রাক আসছিল। খারুভাজ ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ট্রাক দুটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালক প্রাণ হারান।

দুর্ঘটনায় পাথরবাহী ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হন। তাকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি সরিয়ে ফেলায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন