পথচারীকে মারধরের ঘটনায় সেই রাশিয়ান মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ।
গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় থাকা রুশ–বাংলা মডেল মনিকা কবিরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ও সংশ্লিষ্ট সব ধরনের কনটেন্ট অবিলম্বে সরিয়ে নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অশালীন বা বিতর্কিত ভিডিও তৈরি থেকে বিরত থাকতে হবে।
এছাড়া মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশেষ করে তার বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট রয়েছে কি না—সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর প্রযোজ্য ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

মতামত দিন