জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা বোর্ডে এইচএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

এইচএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের অধীন মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে দেশের ভেতরে রয়েছে ৩০৮টি কেন্দ্র এবং বিদেশে রাখা হয়েছে ৮টি কেন্দ্র।

বৃহস্পতিবার (১২ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জারি করা হয়েছে।

বোর্ডের আরেকটি নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ কেন্দ্র তালিকা ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো ধরনের আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে তা লিখিতভাবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জানাতে হবে।

এ সংক্রান্ত আপত্তি জমা দেওয়ার শেষ সময় আগামী ৩০ মার্চ। নির্ধারিত সময় পার হওয়ার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড।

মতামত দিন