জাতীয়
ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজধানীতে যানচলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম বৈঠক উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় নির্দিষ্ট কয়েকটি সড়কে বিকল্প পথ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি বলছে, সংসদ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংসদ ভবনে যাতায়াত থাকবে। এ কারণে উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) সংলগ্ন এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে।

এই পরিস্থিতিতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে।

নির্দেশনা অনুযায়ী, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যেতে চাওয়া যানবাহন ওই মোড়ে ডানদিকে ঘুরতে পারবে না। তাদের মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করতে হবে।

অন্যদিকে মানিক মিয়া এভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যেতে চাইলে বাঁদিকে মোড় নেওয়া যাবে না। সে ক্ষেত্রে যানবাহনগুলোকে ফার্মগেট হয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের দুই পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

সম্ভাব্য যানজট এড়াতে নগরবাসীকে আগাম প্রস্তুতি নিয়ে চলাচল করার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

মতামত দিন