ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পবিত্র রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের পূর্বদিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত একটি নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অফিসের নতুন সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে রমজান মাসে সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে। তবে, সরকারি ছুটি, শুক্রবার এবং শনিবারের সময়সূচি আগের মতোই থাকবে।
সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন চলাচল শুরু হবে সকাল ৬:৩০টায় এবং শেষ ট্রেন রাত ৯:৩০টায়। বিপরীত রুটে, মতিঝিল থেকে উত্তরা উত্তরে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭:১৫টায় এবং শেষ ট্রেন চলবে রাত ১০:১০টায়।
এছাড়া, রমজান মাসে ইফতারের সময় যাত্রীরা স্টেশন এবং মেট্রোরেল এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন, পানি যেন গড়িয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহার করা বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক। নির্দেশনায় আরও বলা হয়েছে, মেট্রোরেলের ভেতরে বা প্ল্যাটফর্ম, কনকোর্সে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
মতামত দিন