জাতীয়
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে যান চলাচল সীমিত, ডিএমপি দিয়েছে বিকল্প পথ নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভের পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ডিএমপি নাগরিকদের অনুরোধ করেছে, প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার করুন।

ডিএমপি সূত্র জানায়, শপথ গ্রহণ চলাকালীন সময় খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এবং জুলাই স্মৃতি জাদুঘর থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সাধারণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিকল্প রুটসমূহ
১. মিরপুর রোড থেকে ফার্মগেট: প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং ডানে মোড় নিয়ে ফার্মগেট।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট: আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড়-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং।
৩. আসাদগেট থেকে ফার্মগেট: গণভবন ক্রসিং-প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-প্রতিরক্ষা গ্যাপ-আসাদগেট।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি: শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্দেশনা: ফার্মগেট র‍্যাম্প ব্যবহার না করে চালকদের এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি সব ধরনের যানবাহন চালকদের সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে প্রদত্ত বিকল্প রুট অনুসরণ করার জন্য অনুরোধ করেছে।

মতামত দিন