জাতীয়
ছবি: সংগৃহীত

ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ফকিরহাটে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে।

আহতদের মধ্যে ছয়জন নারী ও নয়জন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। একই সময়ে খুলনা থেকে মাদারীপুরগামী রূপসী বাস ফকিরহাটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দু’টি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহনের চলাচল বন্ধ ছিল।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, রূপসী বাসের ব্রেক ফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসগুলো সড়কের পাশে সরিয়ে দেয়।

আহতদের মধ্যে ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০) ও কপিল রায় (৩৫) উল্লেখযোগ্য।

মতামত দিন