গণভোটের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন।
সংবিধান সংস্কার ইস্যুতে অনুষ্ঠিত জাতীয় গণভোটের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি, আর ‘না’ ভোট এসেছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬ জন। পাশাপাশি বাতিল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ এবং মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত থাকে। ফলে ২৯৭টি আসনের ফলাফলের ভিত্তিতেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট একযোগে অনুষ্ঠিত হয়। পরদিন দুপুরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এবং এখন গেজেট প্রকাশের মাধ্যমে পুরো আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
মতামত দিন