জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন প্রকাশ করল নবনির্বাচিত ২৯৭ এমপির গেজেট।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত থাকে। ফলে প্রাপ্ত ২৯৭টি আসনের ফলাফলের ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা এবং পারিবারিক তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন দুপুরে কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এখন সেই ফলাফলের ভিত্তিতেই সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হলো।

ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—দলটি ২০৯টি আসনে জয়ী হয়েছে। তাদের সহযোগী দল গণঅধিকার পরিষদ, বিজেপি এবং গণসংহতি আন্দোলন প্রত্যেকে একটি করে আসন পেয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে। তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি আসন। এছাড়া খেলাফত মজলিশ একটি আসনে জয়ী হয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে এবং ছয়টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, গেজেট প্রকাশের মাধ্যমে নবনির্বাচিত সংসদের আনুষ্ঠানিকতা এখন সম্পন্ন হলো।

মতামত দিন