জাতীয়
ছবি: সংগৃহীত

জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি নাসির উদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার চেষ্টা ছিল এবং কোথাও কোনো গোপনীয়তার অবকাশ রাখা হয়নি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত একটি নির্বাচন সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে এবং এটিকে জাতির জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন তারা।

সিইসি বলেন, সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার কাছে মনে হয়েছে—দেশের নির্বাচনী ইতিহাসের মানদণ্ডে এটি যথেষ্ট ভালো একটি ভোট আয়োজন। উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ছিল, যা অনেকাংশে বাস্তবায়িত হয়েছে বলেও তিনি মনে করেন।

তবে তিনি স্বীকার করেন, এত বড় দেশের নির্বাচনে কিছু সীমাবদ্ধতা বা বিচ্যুতি থাকতেই পারে। প্রায় ১৮ কোটি মানুষের দেশে ১২৭ মিলিয়ন ভোটার এবং গণভোটসহ বিপুল সংখ্যক ব্যালট ব্যবস্থাপনার কাজ ছিল বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট সবার সহযোগিতা না পেলে এটি সম্ভব হতো না বলেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে তিনি বলেন, নির্বাচনকে ‘নিখুঁত’ বলা না গেলেও আন্তর্জাতিক মানদণ্ডে এটি গ্রহণযোগ্য ও সফল আয়োজন হিসেবে বিবেচিত হতে পারে। অতীত অভিজ্ঞতা ও অন্যান্য দেশের নির্বাচনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন—ত্রুটি থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক নির্বাচন হিসেবে দেখা উচিত।

মতামত দিন