রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা।
ড. ইউনুস প্রথমে গুলশান এলাকায় ঢাকা-১৭ আসনের কেন্দ্রগুলো ঘুরে দেখেন। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। এরপর তিনি ঢাকা-১১ আসনের কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দেন। পরবর্তীতে তিনি ঢাকা-১৫ আসনের কেন্দ্রও পরিদর্শন করেন, যেখানে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্যবেক্ষণ ও ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্রে উপস্থিত ছিলেন। এ সময় ভোটদানে অংশ নেওয়া ভোটারদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তারা ভোটের উৎসবমুখর পরিবেশ উপভোগ করছেন কিনা তা দেখেন।
এর আগে, সকালেই ড. ইউনুস গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। ভোটদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আজকের দিনটা আনন্দঘন। এখানে যেন একটি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।”
এ সময় তিনি দেশবাসীকে আহ্বান জানান, “সবাইকে অনুরোধ করব এবারের গণভোটে অংশ নিন। এ হলো নতুন বাংলাদেশ গড়ার একটি সুযোগ।” উপস্থিত ভোটাররা তাকে উৎসাহ জানিয়ে ‘ঈদ মোবারক’ শুভেচ্ছা জানান।

মতামত দিন