ফেনীতে রাজনৈতিক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
নিহত রোকসানা আক্তার লিপি (৩১) সোনাগাজীর কাশ্মির বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ারের কন্যা এবং আমেরিকা প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার মহিলা দলের আহ্বায়ক এবং পৌর বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।
পরিবারের বরাতে জানা গেছে, নির্বাচনী প্রচারণার কারণে লিপি নিয়মিত ব্যস্ত থাকতেন। বুধবার তিনি মোবাইলে যোগাযোগে অনুপস্থিত থাকায় পরিবারের সদস্যরা তার বাসায় যান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের ভবনের জানালা দিয়ে দেখা যায়, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লিপির মরদেহ ঝুলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
নিহতের ছোট বোন পিংকি বলেন, “আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম, বন্ধুর মতো সম্পর্ক। তার স্বামীর সঙ্গে কোনো বিরোধ ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটলো, তা বোঝা যাচ্ছে না।”
ফেনী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান বলেন, “লিপি আমার সহকর্মী এবং নির্বাচন কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। শেষবার ৯ ফেব্রুয়ারি তার সঙ্গে কথা হয়েছিল। এটি আত্মহত্যা না হত্যা—কোনো কিছুই নিশ্চিত নয়। মোবাইল ফোনে সম্ভবত সূত্র পাওয়া যাবে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি।”
ফেনী মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলছিল এবং গলার পাশে ডান হাত আটকে ছিল। এটি ইঙ্গিত দেয় যে, ফাঁস লাগানোর সময় তিনি বাঁচার চেষ্টা করেছিলেন।
থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
মতামত দিন