জাতীয়
ছবি: সংগৃহীত

কারও কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনী প্রক্রিয়ায় টাকার প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই—এ কথা স্পষ্ট করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ এগোলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও টাকা উদ্ধারের ঘটনা সামনে আসলে তা জনগণকে আরও সতর্ক হতে সহায়তা করে বলেও মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভোটগ্রহণে বড় ধরনের সমস্যা বা অভিযোগ সামনে আসেনি এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন।

তিনি সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান, যেন তারা তথ্য যাচাই করে সঠিক খবর তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান।

এবার জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোট হচ্ছে; শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রয়েছে। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র এবং নারী প্রার্থী ৮৩ জন।

মতামত দিন