১৪১ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, চারজনকে পুনর্বহালের নির্দেশ।
নিজেস্ব প্রতিবেদক:
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি, জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা অতীতের নির্ধারিত সময় থেকে কার্যকর ধরা হবে।
তালিকা অনুযায়ী পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর ১১০ জন, নৌবাহিনীর ১৯ জন এবং বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা রয়েছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা অবসরকালীন সুযোগ-সুবিধা, আর্থিক প্রাপ্যতা এবং প্লটসহ অন্যান্য সুবিধা পাবেন।
এদিকে বিএমএ ৭৫তম লং কোর্সের চার কর্মকর্তা—লেফটেন্যান্ট শাফায়েত আহমেদ, লেফটেন্যান্ট এ এইচ এম ইকরামউজ্জামান, লেফটেন্যান্ট তৌকির মাহমুদ তুষার ও লেফটেন্যান্ট আবদুল্লাহ ওমর নাসিফকে জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ দ্রুত চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের সময়ে বরখাস্ত, চাকরিচ্যুত বা বিভিন্নভাবে অবসর নিতে বাধ্য হওয়া কর্মকর্তারা পুনর্বহালের আবেদন করেন। বিষয়টি পর্যালোচনার জন্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।
কমিটি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন অভিযোগে অবসর বা অপসারণ হওয়া কর্মকর্তাদের আবেদন যাচাই করে সরকারের কাছে সুপারিশ দেয়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা, বৈষম্য বা অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের মর্যাদা ও প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে আবেদন করা আরও ২০১ কর্মকর্তার নথি না পাওয়ায় তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর দুজন লেফটেন্যান্ট জেনারেল, সাতজন মেজর জেনারেল ও ২০ জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন। পাশাপাশি নৌবাহিনীর দুজন কমোডর এবং বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল ও চারজন এয়ার কমোডরও এই তালিকায় আছেন।
উল্লেখযোগ্য পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, মেজর জেনারেল মুহাম্মাদ ইশতিয়াক, মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, মেজর জেনারেল কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, কমোডর এম নাসির, কমোডর সৈয়দ মকছুমুল হাকিম, এয়ার ভাইস মার্শাল দেলোয়ার হোসেন, এয়ার কমোডর সৈয়দ ইমতিয়াজ হোসেন, এয়ার কমোডর কাজী মাজহারুল করিম, এয়ার কমোডর খালিদ হোসেন ও এয়ার কমোডর শাহারুল হুদা।

মতামত দিন