কেন্দ্র দখল বা নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র্যাব ডিজি।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সম্ভাব্য সহিংসতা বা কেন্দ্র দখলের চেষ্টা রুখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, ভোটকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, জাল ভোট বা নাশকতার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।
নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং যানবাহন তল্লাশি কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; যথাযথ কারণ না দেখাতে পারলে গাড়ি জব্দ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কোনো বড় হুমকি না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে বিজিবির টহল চলছে, পাশাপাশি সাঁজোয়া যান ও পিকআপ ব্যবহার করে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীও মাঠে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। বিস্ফোরক বা অবৈধ অস্ত্র পরিবহন ঠেকাতে বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে।

মতামত দিন