জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, নিরাপত্তা জোরদারের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এই সময় প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়।

অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন ও সাপ্তাহিক ছুটির সময় অধিদপ্তর ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানের ভবন, ওয়ার্কশপ, ল্যাবরেটরি এবং অন্যান্য অবকাঠামোর নিরাপত্তা বাড়াতে হবে। একই সঙ্গে ছুটিকালীন দায়িত্ব পালনের জন্য ডিউটি রোস্টার প্রস্তুত করার কথাও বলা হয়েছে।

প্রস্তুত করা রোস্টার অনুযায়ী দায়িত্ব বাস্তবায়নের পর সংশ্লিষ্ট অগ্রগতি প্রশাসন পরিচালককে জানাতে বলা হয়েছে। এতে ছুটির সময়েও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন