কোনো দলের অনুপস্থিতিতেও ভোটার উপস্থিতি কমবে না: ইসি সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচনে না থাকলেও ভোটার অংশগ্রহণে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে কমিশনের ধারণা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হলেও ভোট গ্রহণ ও পরবর্তী ধাপগুলো ম্যানুয়ালি পরিচালিত হবে। সংশ্লিষ্ট সংসদীয় আসনভিত্তিকভাবে পোস্টাল ব্যালট গণনা করা হবে এবং ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো ব্যালটই কেবল গণনায় ধরা হবে।
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, এমন নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে প্রার্থী হতে চাইলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
নির্বাচন কমিশনের কাজে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অধিকাংশ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
মতামত দিন