জাতীয়
ছবি: সংগৃহীত

পূর্বাচল নীলা মার্কেটে আগুন, ৫ দোকান পুড়ে ছাই

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পূর্বাচল এলাকার নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিক হিসেবে অন্তত পাঁচটি দোকান ধ্বংস হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার কাছাকাছি বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টা ধরে টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই দোকানে থাকা পণ্য ও সরঞ্জামের বড় অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের স্থানীয় স্টেশন কর্মকর্তা জানান, ভোরের দিকে মার্কেট এলাকায় আগুনের সূত্রপাত দেখতে পেয়ে স্থানীয় লোকজন জরুরি নম্বরে খবর দেন। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়; তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হঠাৎ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেকেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কয়েকজন দোকান মালিক জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই তাদের পুঁজি ও মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

মতামত দিন