জাতীয়
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ নিয়ে ইসির নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু নির্দিষ্ট সদস্য মোবাইল ব্যবহার করতে পারলেও সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে শুধুমাত্র পাঁচ শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তারা হলেন:

  • প্রিজাইডিং অফিসার বা ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

  • কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা

  • ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই জন নির্দিষ্ট আনসার সদস্য

  • নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষক

  • প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং সাধারণ ভোটার

তবে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের কোনোভাবে মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি নেই। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও (প্রধান পুলিশ কর্মকর্তা ও অনুমোদিত আনসার সদস্য ব্যতীত) এই বিধিনিষেধের আওতায় থাকবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনো ব্যক্তিই গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না। ভোটের পবিত্রতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। কমিশন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

মতামত দিন