গাজীপুরে ভোটের ছুটিতে যানজট, গ্রামে ফিরছেন লাখো মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ছুটির কারণে গাজীপুরের শিল্পাঞ্চল থেকে গ্রামে রওনা দিয়েছেন বিপুলসংখ্যক মানুষ। এতে শহরের প্রধান সড়ক ও মহাসড়কে গাড়ির চাপ তীব্রভাবে বেড়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সড়কে থেমে থেমে চলাচলের কারণে যানজট দেখা দিয়েছে।
শ্রমিক ও চাকরিজীবীরা পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হওয়ায় মহাসড়কগুলোতে চাপ বেড়েছে। বিশেষত উত্তরবঙ্গগামী যাত্রীদের বড় অংশ গাজীপুর হয়ে যাতায়াত করায় যানজট আরও প্রকট হয়েছে।
পুলিশ ও পরিবহন সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় দিয়ে ২২ জেলার যানবাহন চলাচল করে। একযোগে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফিরায় স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়ে গেছে।
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীরা জানান, যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে এবং ভাড়া স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
জানানো হয়েছে, যানজট নিরসনে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নিরাপত্তা বজায় রেখে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
তবে এই পরিস্থিতি সত্ত্বেও বাস টার্মিনাল ও সড়কগুলো উৎসবমুখর। পরিবার-পরিজনের সঙ্গে ভোট দিতে ও ছুটি কাটাতে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ।
মতামত দিন