জাতীয়
ছবি: সংগৃহীত

ভোটকে ঘিরে যান চলাচলে কড়াকড়ি, ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা ও ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দিষ্ট সময়জুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিশন।

ইসি সূত্র বলছে, বুধবার রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

অন্যদিকে মোটরসাইকেলের ক্ষেত্রে আরও দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হয়ে ভোটের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের অনুমোদিত স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। একইভাবে চিকিৎসা, ওষুধ সরবরাহ, সংবাদপত্র পরিবহনসহ জরুরি সেবার যানবাহনও চলাচল করতে পারবে।

বিমানযাত্রীদের ক্ষেত্রে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ দেখাতে পারলে বিমানবন্দরে যাতায়াতের গাড়ি ব্যবহারের সুযোগ থাকবে। দূরপাল্লার যাত্রী পরিবহন এবং এ সংক্রান্ত স্থানীয় যাতায়াতেও বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

প্রার্থীদের জন্য সীমিত সংখ্যক গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শনের শর্তে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট ছোট আকারের যানবাহন ব্যবহার করতে পারবেন।

সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী কমিশনের অনুমোদন নিয়ে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে।

টেলিযোগাযোগ সেবা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য বিটিআরসি ও তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন চলাচলেও শিথিলতা রাখা হয়েছে। জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ আন্তজেলা ও মহানগর সংযোগ সড়কেও আংশিক ছাড় থাকবে।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোটের দিন রাজধানীতে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। ভোটারদের যাতায়াত সহজ করতে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

মতামত দিন