জাতীয়
ছবি: সংগৃহীত

ওসমান হাদির পরিবারের পাশে সরকার, ফ্ল্যাটের দলিল-চাবি তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারের জন্য বরাদ্দ করা একটি ফ্ল্যাটের দলিল ও চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে লালমাটিয়া এলাকায় প্রস্তুত ফ্ল্যাটটির দলিল ও চাবি দেওয়া হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

পরবর্তীতে তার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে মোট ২ কোটি টাকা সহায়তার সিদ্ধান্ত হয়— এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে আরও ১ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়।

মতামত দিন